নারীপ্রধান সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের নিয়ে নির্মিত সিনেমা প্রেক্ষাগৃহে ভালো সূচনা পেতে পারে। কিন্তু অন্য অভিনেত্রীদের প্রধান চরিত্রে রেখে সিনেমা নির্মাণ ও মুক্তির ক্ষেত্রে প্রযোজকদের ঝুঁকি নিতে হয়। এ পরিস্থিতিতে নারী অভিনেত্রীদের পুরুষপ্রধান সিনেমায় কাজ করার চাপ তৈরি হয় বলেও মনে করেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা ‘পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা। তার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘আউটলুক ইন্ডিয়া’।

রাধিকা জানান, কোনো সিনেমায় যুক্ত হওয়ার আগে সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটি প্ল্যাটফর্মে—তা নিয়ে তিনি বিশেষ চিন্তা করেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হলো, কাজটি যেন কোনো না কোনো মাধ্যমে দর্শকের কাছে পৌঁছায়।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি কোনো কাজ বেছে নেওয়ার সময় সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে—তা বিবেচনা করি না। বিষয়টি নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই। এর সঙ্গে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত। আমি বরং চাই, সিনেমাটি যেকোনোভাবে মুক্তি পাক।’’

নারীপ্রধান সিনেমার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাধিকা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রেক্ষাগৃহে কোন ধরনের সিনেমা ভালো ব্যবসা করবে, তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে। তার অভিনীত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে, সেটি ভালো মানের হলেও প্রত্যাশিত ব্যবসা নাও করতে পারে।
আলিয়া ও দীপিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমি আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোন নই, যাদের সিনেমা অন্তত ভালো উদ্বোধনী আয় করতে পারে বলে আশা করা যায়।’’
রাধিকার মতে, বক্স অফিসের এই অনিশ্চয়তার কারণে নারী অভিনেত্রীদের অনেক সময় এমন সিনেমায় কাজ করতে হয়, যেখানে পুরুষ চরিত্রগুলোই মুখ্য ভূমিকা পালন করে। তবে শুধু বাণিজ্যিক সাফল্যের হিসাব মেলাতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে চান না তিনি।

প্রেক্ষাগৃহে বর্তমানে সহিংসতানির্ভর সিনেমার জনপ্রিয়তা নিয়েও আপত্তি জানিয়েছেন রাধিকা। তার ভাষ্য, এ ধরনের সিনেমা ব্যবসা করলেও ব্যক্তিগতভাবে সেগুলোর প্রতি তার আগ্রহ নেই। পর্দায় অতিরিক্ত মারধর ও সহিংসতার দৃশ্য দেখানোর প্রবণতাকে তিনি অস্বস্তিকর বলে মনে করেন। এ কারণে এমন প্রকল্পে যুক্ত হওয়ার ব্যাপারে তিনি অনাগ্রহী।
কাজের মাধ্যম নিয়ে বিশেষ বাছবিচার না করলেও কোন ধরনের গল্পে অভিনয় করবেন, সে বিষয়ে নিজের পছন্দ ও অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
রাধিকা আপ্তেকে আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা ‘আক্কা’ সিরিজে দেখা যাবে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সম্প্রতি নেটফ্লিক্সের অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এও অভিনয় করেছেন রাধিকা। সেখানে তার সহশিল্পী ছিলেন কঙ্কনা সেন শর্মা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









