অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৮৯ সালের চলচ্চিত্র মাই লেফট ফুটে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। এর মাধ্যমে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের ইতিহাস গড়েন ব্রেন্ডা। এছাড়া হোম অ্যালোন ২ এবং জনপ্রিয় টিভি সিরিজ ক্যাজুয়ালটিতে অভিনয়ের সুবাদে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পরিচিতি পান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এজেন্ট ফিল বেলফিল্ড।
তিনি বলেন, ব্রেন্ডার মতো মানুষ আর পাওয়া যাবে না। তাকে জানা, ভালোবাসা এবং তার সঙ্গে কাজ করতে পারা ছিল গর্বের বিষয়। চলচ্চিত্র ও টেলিভিশনপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
মাই লেফট ফুট ছবিতে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান ব্রেন্ডা। ওই বছরের অস্কার প্রতিযোগিতায় তিনি জুলিয়া রবার্টস ও অ্যাঞ্জেলিকা হাস্টনের মতো তারকাদের পেছনে ফেলে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৮৬ সালে বিবিসির মেডিকেল ড্রামা ক্যাজুয়ালটির প্রথম পর্ব থেকেই নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় শুরু করেন। ১৯৯০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয়ের পর পরবর্তী সময়েও বিভিন্ন পর্বে ফিরেছিলেন। সর্বশেষ ২০১০ সালে এই সিরিজে তাকে দেখা যায়।
১৯৯২ সালের হোম অ্যালোন ২ চলচ্চিত্রে সেন্ট্রাল পার্কের গৃহহীন নারীর চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পীরাও। ক্যাজুয়ালটি সিরিজে তার সহশিল্পী ডেরেক থম্পসন বলেন, কর্মজীবনে অনেক অভিনেতার সঙ্গে কাজ করলেও ব্রেন্ডার মতো সহকর্মী আর দেখেননি। আরেক সহ-অভিনেত্রী ক্যাথি শিপটন তাকে একজন খাঁটি, সৎ ও সাহসী মানুষ হিসেবে স্মরণ করেছেন।
ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার ১৯৬০-এর দশকে আয়ারল্যান্ডের প্রথম সোপ অপেরা টোলকা রো দিয়ে অভিনয়জীবন শুরু করেন। পরে করোনেশন স্ট্রিট ও লিকিং হিটলারসহ বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেন।
মাই লেফট ফুট ও হোম অ্যালোন ২ ছাড়াও সো আই ম্যারেড অ্যান এক্স মার্ডারার (১৯৯৩), অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড (১৯৯৪), এ টাইম টু কিল (১৯৯৬) এবং ভেরোনিকা গুয়েরিন (২০০৩)-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি রেখে গেছেন সমৃদ্ধ এক চলচ্চিত্র-ঐতিহ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









