ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্ট করে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি প্রশাসনের সমালোচনা করেন।
এক পোস্টে রাজনৈতিক নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে অরিজিৎ লেখেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করতে শুরু করেছেন?’
আরেক পোস্টে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘সবকিছুর হিসাব রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী সত্য।’
ভারতে শিক্ষা খাতে অনিয়ম, বিশেষ করে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনে পরে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি যন্তর মন্তরে অনশন শুরু করলেও পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে।
এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ এবং শাবানা আজমি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









