বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে না পেয়ে তাঁর ১৬ বছর বয়সী নাবালক ছেলেকে তুলে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বাধা দিলে অভিযানের মুখে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ওই কিশোরের মাকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর গলি এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার পরপরই আটকের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
আটক ওই কিশোরের নাম বাফতিন আহমেদ জিহান (১৬)। সে বরিশাল জিলা স্কুল থেকে এবারই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওচিত্রে দেখা যায়, সাদা পোশাকে থাকা ডিবি পুলিশের সদস্যরা তরুণ জিহানকে জোরপূর্বক ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় জিহানের মা সাথী আক্তার চিৎকার করে আকুতি জানাচ্ছন এবং পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। ধস্তাধস্তির একপর্যায়ে মায়ের ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়। পরবর্তীতে পুলিশ দ্রুত পিকআপ ভ্যানে তুলে ওই কিশোরকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে সাথী আক্তার বলেন, আমার স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। হঠাৎ বাসার সামনে হট্টগোল শুনে বের হয়ে দেখি আমার ছেলেকে তিনজন মিলে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি বারবার পুলিশকে বলেছি, আমার স্বামী সব মামলায় জামিনে আছেন, আমাদের কাছে জামিনের কাগজপত্রও রয়েছে। তাছাড়া ছেলেটা তো নাবালক, কোনো অপরাধের সাথে জড়িত না, কিন্তু পুলিশ কোনো আকুতিই শোনেনি।
ঘটনা এবং অভিযানের উদ্দেশ্য সম্পর্কে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি পুলিশ এক কিশোরকে আটক করেছে বলে তারা জেনেছেন। তবে ওই কিশোরকে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।
পিতা না থাকায় নাবালক সন্তানকে এভাবে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে আইনবহির্ভূত ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









