দুলকার সালমান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা আই’ম গেমের ট্রেলার প্রকাশ হয়েছে। প্রায় তিন মিনিটের ট্রেলারে খেলাধুলায় বাজি, জুয়া, অ্যালগরিদম, প্রতিশোধ ও টানটান উত্তেজনার মিশেল দেখা গেছে। নাহাস হিদায়াত পরিচালিত সিনেমাটি ওনাম উপলক্ষে ২০ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমায় ড্যান জন চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। উচ্চঝুঁকির জুয়ার জগতে ডুবে থাকা এই চরিত্রটি বিশ্বাস করে, খেলার ফলাফল ভাগ্যের ওপর নির্ভর করে না; বরং অ্যালগরিদম ও বিভিন্ন ধরণের বিশ্লেষণের মাধ্যমে তা অনুমান করা সম্ভব।
ট্রেলার শুরু হয় একটি দার্শনিক কথনের মধ্য দিয়ে। সেখানে মানবজীবনকে ঈশ্বর ও শয়তানের খেলার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর গল্প এগোয় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বুকমেকারদের জড়িত একটি রহস্যময় খেলাধুলায় বাজির জগতকে ঘিরে।
ড্যান নিজেকে এমন একজন হিসেবে তুলে ধরে, যে এই খেলার গোপন সংকেত ও নিয়ম বুঝে নিজের দক্ষতা তৈরি করেছে। তবে জুয়ার জগতে তার উত্থানের পেছনে যে ব্যক্তিগত মূল্য দিতে হয়েছে, ট্রেলারে তারও ইঙ্গিত রয়েছে। তাকে রক্তাক্ত, মানসিকভাবে বিপর্যস্ত এবং নৃশংস সংঘর্ষে জড়িত অবস্থায় দেখা যায়। একই সঙ্গে প্রতিশোধের একটি দিকও স্পষ্ট হয়।
অ্যাকশননির্ভর ট্রেলারে মারামারি, গাড়ির ধাওয়া ও জমকালো দৃশ্যায়নের পাশাপাশি রহস্যময় আবহ তৈরি করা হয়েছে। ট্রেলারের শেষদিকে মিসকিনের খলনায়ক চরিত্রের একটি সংলাপও কৌতূহল বাড়িয়েছে। অন্যদিকে অ্যান্টনি ভার্গিসের চরিত্রটি অনেকটাই গোপন রাখা হয়েছে, যা সিনেমায় বড় কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে।
দুলকার সালমানের জন্মদিনে ট্রেলার প্রকাশের কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে যায়। পরে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন অভিনেতা।
তিনি জানান, নির্মাতারা অসম্পূর্ণ বা কারিগরি ত্রুটিযুক্ত কোনো ট্রেলার প্রকাশ করতে চাননি। ভক্তদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অপেক্ষাটি সার্থক হবে।
‘আই’ম গেম’ দক্ষিণ ভারতের শতাধিক স্থানে চিত্রায়িত হয়েছে। এতে দুলকার সালমানের সঙ্গে অভিনয় করেছেন কায়াদু লোহার, অ্যান্টনি ভার্গিস, মিসকিন, কাথির, বিনয় ফোর্ট, সংযুক্তা বিশ্বনাথন ও স্যান্ডি মাস্টার।
নাহাস হিদায়াতের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাজির বাবা, বিলাল মইদু ও ইসমাইল আবুবাকার। সংলাপ লিখেছেন আদর্শ সুকুমারন, শাহাবাস রাশেদ ও সাজির বাবা। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন আনবারিভ এবং আবহসংগীত করেছেন জ্যাকস বেজয়।
ওয়েফারার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনাতেও রয়েছেন দুলকার সালমান। ‘আই’ম গেম’ মালায়ালম, হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় আগামী ২০ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









