যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গাজীরদর্গাহ এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার (চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক), দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়।
বুধবার (৫ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল ঝিকরগাছার লাউজানি গাজীরদর্গাহ এলাকার দরগাহ ফিলিং স্টেশনের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. ফারুক (৩০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকায় সংগ্রহ করা এসব স্বর্ণ যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
ঘটনার পর আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারীদের আটক এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন স্বর্ণসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









