ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে সারা দেশের মতো পাবনাতেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি ঘিরে নানা কমসূচি গ্রহণ নেয়া হয়। একই সঙ্গে গত বছরের ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জোরালোভাবে উঠে আসে বিভিন্ন মহল থেকে।
বুধবার (৫ আগস্ট) বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দিনের কর্মসূচির শুরুতে আরিফপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়। পরে পাবনা জেলা পরিষদ চত্বরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
সভায় বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা আমাদের সবার দায়িত্ব।
পাবনায় ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন রয়েছে। স্থানীয়ভাবে আলোচিত সাইদ চেয়ারম্যানসহ মামলার অভিযুক্তদের এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও সচেতন নাগরিকরা। তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
শ্রদ্ধা, স্মরণ এবং বিচার প্রত্যাশার মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে এবারের জুলাই গণঅভ্যুত্থান দিবস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









