চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন এবং নির্মাণাধীন হাসপাতাল দ্রুত চালুর লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোক্তা পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আলহাজ্ব মো. এনায়েত উল্লাহ, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং পরিচালক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
প্রতিনিধিদল প্রথমে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী মোড়ে অবস্থিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধিদল মুরাদপুরে নির্মাণাধীন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বহুতল হাসপাতাল ভবন পরিদর্শন করেন। নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুততম সময়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালুর নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং অচিরেই হাসপাতালটি উদ্বোধনের জন্য প্রস্তুত হবে।
এছাড়া প্রতিনিধিদল খুলশীতে অবস্থিত চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, দৈনিক আজাদীর সম্পাদক ওয়াহেদ মালেক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল হেড মুহাম্মদ ছালামত উল্লাহসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক ও জনবল নিয়োগ, কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন এবং রোগীবান্ধব সেবার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্মাণাধীন হাসপাতালটি চালু হলে চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের কিডনি রোগীরা আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন। সভায় উপস্থিত সবাই হাসপাতালটির অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করে শিগগিরই চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









