ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড মূল্য প্রায় ২২ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৩ সালে এই মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, দুই বছরে তাঁর ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালে তিনি ছিলেন তালিকার তৃতীয় অবস্থানে। তবে ২০২৫ সালে এক লাফে শীর্ষে উঠে এসেছেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
গত এক বছরে শাহরুখ খান একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের অংশীদারত্ব অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তাঁর ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড জগতেও শাহরুখের ধারাবাহিক সাফল্য তাঁর জনপ্রিয়তা ও বাজারমূল্যের শক্ত অবস্থানের প্রতিফলন।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় তাঁর সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









