একসময় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নায়ক দেব। সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব অবশ্য বহু আগেই অতীত। দীর্ঘ এক দশকে মান-অভিমান ও নানা বিতর্ক পেরিয়ে আবারও জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী।
আসন্ন দুর্গাপূজায় পর্দায় আসছে তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এটি দেব-শুভশ্রী জুটির সাত নম্বর সিনেমা। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জুন মাসে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর এবার শনিবার (১৫ আগস্ট) সকালে প্রকাশ্যে এসেছে নতুন পোস্টার। এতে ধরা পড়েছে দেব-শুভশ্রীর রোমান্টিক মুহূর্ত।
সম্প্রতি লাদাখে সিনেমাটির শুটিং করেছেন দেব ও শুভশ্রী। নতুন পোস্টারেও উঠে এসেছে সেই রুক্ষ পাহাড়ি প্রান্তরের আবহ। ছবিতে বাইকে থাকা দেবের কোলে বসে থাকতে দেখা যায় শুভশ্রীকে। দেবকে বুকে আগলে রেখেছেন অভিনেত্রী। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্ত মনে করিয়ে দিয়েছে একসময়কার জনপ্রিয় ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’ ও ‘চ্যালেঞ্জ’ জুটিকে।
পোস্টারের ক্যাপশনেও রয়েছে প্রেমের আবহ। সেখানে লেখা, ‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’ পাশাপাশি জানানো হয়েছে, রোমান্স, অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর নতুন এক অধ্যায় নিয়ে আসছে সিনেমাটি।
‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোমান্স দেখার অপেক্ষায় থাকা ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে ‘দেশু ৭’-এ তাদের রসায়ন দেখতে আবারও সুযোগ পাচ্ছেন দর্শকরা।
সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সহযোগী হিসেবে থাকছে এসএসআর সিনেমাস। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









