অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৫ আগস্ট) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হতে পারে।
পুলিশ জানিয়েছে, রিধির মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘‘একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। এরপরই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই আমরা মামলা নিচ্ছি।’’
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি নিয়মিত অভিনয়েও কাজ করেন। নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









