বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে—এমন আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
মির্জা ফখরুল নিজেও জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দলের নীতিনির্ধারণী ফোরাম থেকে নেওয়া হবে।
এরই মধ্যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সে ক্ষেত্রে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এই সম্ভাব্য উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা হিরো আলমের এই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হিরো আলম বলেন, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি।’
হিরো আলম আরও বলেন, ‘এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’
তিনি জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্ভর করবে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার ওপর।
এদিকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার বিষয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ২৭ জুলাই মির্জা ফখরুল জানিয়েছিলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে সম্ভাব্য উপনির্বাচন এবং সেখানে হিরো আলমের অংশগ্রহণ—দুটিই এখনো সম্ভাব্যতার পর্যায়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









