ছায়ানট সংগীতবিদ্যায়তনের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগঠক সেলিনা মালেক চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত বিশেষ শিক্ষকসভায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
২০২৫ সালের ২৫ মার্চ সংগীতবিদ্যায়তনের অধ্যক্ষ ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের মৃত্যুর পর তৃতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন সেলিনা মালেক চৌধুরী। এর আগে ১৯৬৩ সালে প্রতিষ্ঠানটির যাত্রার শুরুতে ওস্তাদ মতিউর রহমান খান (মতি মিয়া) প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠার সময় অধ্যক্ষের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতের শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন মতি মিয়া। ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সদস্য সন্জীদা খাতুন দ্বিতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
এ ছাড়া ১৯৮৩ সাল থেকে চার বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অঞ্জলি রায়।
ছায়ানট সংগীতবিদ্যায়তনের সঙ্গে সেলিনা মালেক চৌধুরীর সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যায়তনের প্রথম আবর্তে ১৯৬৮ সালে (১৩৭৫ বঙ্গাব্দ) রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি মতি মিয়া স্বর্ণপদকে ভূষিত হন। পরবর্তী সময়ে বিদ্যায়তনের শিক্ষক হিসেবেও যুক্ত হন তিনি।
ষাটের দশকের প্রথিতযশা এই রবীন্দ্রসংগীতশিল্পী একসময় ছায়ানটের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সংগঠক হিসেবে যুক্ত রয়েছেন।
দীর্ঘদিনের শিক্ষকতা, সংগীতচর্চা ও সাংগঠনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ছায়ানটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সেলিনা মালেক চৌধুরীর নতুন দায়িত্ব গ্রহণকে প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









