কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় মুক্তির জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকার পরও ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ড কোনো মূল দৃশ্য কাটছাঁট না করেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ গ্রেড দিয়েছে।
আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টা ১২ মিনিটের কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটিতে কোনো মূল দৃশ্য কর্তন করা হয়নি।
তবে কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে ইংরেজি সাবটাইটেলেও প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে। সিনেমাজুড়ে ধুমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে সিনেমাটিতে থাকা অতিরিক্ত সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সিনেমাটি যে শিশুদের জন্য নয়, তা আগেই স্পষ্ট করেছেন যশ। ভারতীয় একটি টকশোতে অভিনেতা সিনেমাটির ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে বলেন, শিশুদের হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত নয়। কারণ এটি তাদের জন্য তৈরি করা হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত।
বিতর্ক ও দর্শকদের কৌতূহলকে সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









