বিজ্ঞান কল্পকাহিনি, ভৌতিক ছবি, থ্রিলার, ফ্যান্টাসি ও নিরিক্ষাধর্মী চলচ্চিত্র—সিনেমার প্রচলিত সীমানার বাইরে যেসব গল্প ও নির্মাণভঙ্গি দর্শককে চমকে দেয়, সেসব নিয়েই আবারও বসছে প্যারিসের লেত্রঁজ ফেস্টিভ্যাল। উৎসবটির ৩২তম আসর অনুষ্ঠিত হবে ১ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬, প্যারিসের ফোরাম দে জিমাজে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে নির্মাতাদের সঙ্গে নানা আলোচনা ও সাক্ষাৎকার।
এবারের উৎসব উদ্বোধন হবে হংকংয়ের কিংবদন্তি নির্মাতা ইউয়েন উ-পিংয়ের ‘দ্য গার্ডিয়ানস’ সোর্ড’ দিয়ে। ছবিটি ফ্রান্সে প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিশেষ প্রদর্শনী হিসেবে দেখানো হবে। এর মুক্তির তারিখ ২৫ নভেম্বর ২০২৬। বিশ্ব প্রিমিয়ার হবে ভিনসেন্ট পাতার ও স্তেফান অবেয়ারের নতুন অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ‘দ্য ট্রেজার’–এর।
উৎসবে বিশেষভাবে সম্মান জানানো হবে অভিনেত্রী অর্নেলা মুতিকে। তাঁর উপস্থিতিতে চারটি চলচ্চিত্র দেখানো হবে, যার মধ্যে রয়েছে বার্ত্রঁ মান্দিকোর ‘রোমা ইলাস্টিকা’। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা।

পুরোনো সিনেমার দর্শকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ১৯১০ সালের জে. সার্ল ডলির ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ১৯২০ সালের জন এস. রবার্টসনের ‘ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ দেখানো হবে পুনরুদ্ধার করা সংস্করণে। পিয়ানোতে সরাসরি সঙ্গত করবেন সার্জ ব্রোমবার্গ। রিঙ্গো লামের ‘প্রিজন অন ফায়ার’, ‘প্রিজন অন ফায়ার ২’ ও ‘স্কুল অন ফায়ার’–ও রয়েছে উৎসবের সূচিতে। ‘পতেমকিন’–এর ২০ বছর পূর্তি উপলক্ষে দেখানো হবে ‘টুইন পিকস’–এর তৃতীয় মৌসুমের অষ্টম পর্ব।
উৎসবের সাধারণ প্রতিনিধি ফ্রেদেরিক তঁ মনে করেন, ‘জেনার সিনেমা’ এখন নতুন করে জনপ্রিয় হচ্ছে। তাঁর মতে, নিকোলাস উইন্ডিং রেফন ও তাকাশি মিয়িকের মতো নির্মাতারা লেত্রঁজ ফেস্টিভ্যাল-এর মাধ্যমে ফরাসি দর্শকের কাছে পরিচিত হয়েছেন। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো অনেক ‘জেনার ফিল্ম’ আগেই কিনে ফেলায় নতুন ছবি খুঁজে পাওয়া এখন কঠিন। তবু এবারের প্রতিযোগিতায় কাজাখস্তানের ‘সিকো’, ইরানের ‘আ টাইম ইন ইটার্নিটি’, নিউজিল্যান্ডের ‘মাম, আই’ম এলিয়েন প্রেগন্যান্ট’ এবং দক্ষিণ আফ্রিকার ‘হেন’–এর মতো ব্যতিক্রমী ছবি রয়েছে।

ফরাসি সিনেমাতেও জেনার চলচ্চিত্রের নতুন উত্থান দেখছেন তঁ। ‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে কোরালি ফারজার এবং ‘টিটান’ দিয়ে জুলিয়া দুকুরনোর সাফল্যের পর এবার আলোচনায় আছে মারিওঁ ল্য করোলারের হরর ছবি ‘সাঙ্গিন’। কোয়ারক্সের ‘লে জাম এন পেন’ এবং দিমিত্রি প্লঁশঁ ও জ্যঁ-পল গিগের অ্যানিমেশন ব্লেজ–ও উৎসবে প্রত্যাশার জায়গায় রয়েছে।
আরেক আকর্ষণ ‘আইএনএ ফ্যান্টাস্টিকা’। ষাট ও সত্তরের দশকে ওআরটিএফ–এর তৈরি সাতটি চলচ্চিত্র বড় পর্দায় দেখানো হবে। পাশাপাশি রেবেকা ওয়ারিয়র, আনা মুগলালিস ও ফিলিপ ভুইয়েমাঁকে দেওয়া হয়েছে বিশেষ ‘কার্ত ব্লঁশ’। রেবেকা ওয়ারিয়র বিশেষভাবে জাপানি পরীক্ষামূলক শিল্পী শুজি তেরায়ামার কাজ আবার দর্শকদের সামনে আনার উদ্যোগ নিয়েছেন।
আয়োজকদের লক্ষ্য তাই শুধু নতুন ছবি দেখানো নয়; পুরোনো, বিস্মৃত ও অচেনা চলচ্চিত্রকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দেওয়া। সিনেমার যে অদ্ভুত জগৎ মূলধারার বাইরে থেকেও বারবার নতুন ভাষা তৈরি করে,লেত্রঁজ ফেস্টিভ্যাল সেই জগতেরই বার্ষিক মিলনমেলা।
বিস্তারিত জানতে: https://www.festivalenfrance.com/en/festival/letrange-festival


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









