বলিউডের দুই অভিনেত্রী কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর পুরোনো বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। তাপসীর ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের জবাব দিতে গিয়ে এবার তার বেড়ে ওঠা, আর্থিক অবস্থা ও পারিবারিক পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা। একই সঙ্গে নিজের পরিবারকে ‘রাজপুত জমিদার বংশ’ বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তার কখনো সামনাসামনি দেখা হয়নি। দুই অভিনেত্রীর কথিত বিরোধ শুরু হওয়ার আগে বা পরেও তাদের দেখা হয়নি বলে দাবি করেন তিনি। অথচ দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ও কথিত দ্বন্দ্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনা রয়েছে।

তাপসী বলেন, একজন ব্যক্তি অন্যের সম্পর্কে কীভাবে কথা বলেন, সেটি তার পারিবারিক শিক্ষা ও বেড়ে ওঠার পরিবেশ সম্পর্কে ধারণা দেয়। তিনি ও কঙ্গনা একে অপরকে নিয়ে যেভাবে কথা বলেন, তা দেখলেই দর্শকেরা বুঝতে পারবেন কে কোন পরিবেশ থেকে এসেছেন।
তাপসীর এই মন্তব্যের পর ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি বলেন, শহরের প্রান্তে ছোট ও ঘিঞ্জি ভাড়াবাড়িতে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা কিছু মানুষ প্রায়ই তার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বাবা-মাকে অপমান করেন।

কঙ্গনার দাবি, তার বাবা-মা একটি প্রতিষ্ঠিত রাজপুত জমিদার পরিবারের সদস্য এবং তারা শিক্ষিত ও সমাজে সম্মানিত। অভিনয়ে আসা তার নিজের সিদ্ধান্ত এবং শূন্য থেকে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন বলেও দাবি করেন কঙ্গনা। তার মতে, তাই বাবা-মা কিংবা পারিবারিক পরিচয় নিয়ে আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই।
এ ছাড়া তাপসীর ইংরেজি বলার ধরন নিয়েও কটাক্ষ করেন কঙ্গনা। তবে তাপসীর পারিবারিক বা আর্থিক পরিস্থিতি নিয়ে করা এসব দাবির পক্ষে কোনো তথ্য উপস্থাপন করেননি তিনি। কঙ্গনার মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো জবাব দেননি তাপসী।
দুই অভিনেত্রীর এই বিরোধ অবশ্য বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল তাপসীকে কঙ্গনার ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। পরে বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কের সময় কঙ্গনাও তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ ও ‘সুযোগের জন্য মরিয়া বহিরাগত’ বলে কটাক্ষ করেন।
তবে তাপসী বরাবরই বলে আসছেন, তিনি কখনো কঙ্গনার সঙ্গে সরাসরি বিবাদে জড়াননি। তার যুক্তি, বিবাদ তৈরি হতে হলে দুই পক্ষের সংঘাত প্রয়োজন। কঙ্গনাকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ করেছেন—এমন কোনো বক্তব্যও তার নেই বলে দাবি করে আসছেন তিনি।
সাম্প্রতিক ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যকে নিজের পরিবার ও পারিবারিক পরিচয়ের প্রতি আক্রমণ হিসেবে নিয়েছেন কঙ্গনা। এর জেরেই পুরোনো বিরোধ এবার দুই অভিনেত্রীর পেশাগত প্রতিদ্বন্দ্বিতার গণ্ডি ছাড়িয়ে পরিবার, বেড়ে ওঠা ও সামাজিক পরিচয় নিয়ে প্রকাশ্য বাক্যুদ্ধে রূপ নিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









