জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংগীতাঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার অরিজিতের এমন সিদ্ধান্তের সঙ্গে নিজের অতীতের মিল খুঁজে পেয়েছেন ভারতীয় সংগীতশিল্পী শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান।
নব্বইয়ের দশক ও দুই হাজারের দশকের অন্যতম জনপ্রিয় শিল্পী শান। মেলোডিয়াস গায়কীর জন্য শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি। ‘চান্দ সিফারিশ’, ‘হে শোনা’, ‘যব সে তেরে নয়না’ ও ‘বেহেতি হাওয়া সা থা ভো’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন শান। তিনি বলেন, ‘বিষয়টি এমন নয় যে সে পুরোপুরি গান গাওয়া ছেড়ে দিয়েছে। সে এখনো গান গাইছে এবং আমার মনে হয় সামনে আরও অনেক প্লেব্যাক করবে। পরিস্থিতি অতটা চরম নয়।’
অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে শান বলেন, ‘এই প্রশ্নের সঠিক উত্তর তো শুধু অরিজিৎ নিজেই দিতে পারবে। তবে তার রেকর্ড করা অনেক গান এখনো মুক্তি পায়নি। আগামী দুই বছর শ্রোতারা অরিজিতের নতুন অনেক গান শুনতে পাবেন।’
শানের মতে, অরিজিৎ ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। তিনি বলেন, ‘কে বলতে পারে, হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে! এটা তো আর পাথরের লেখা কোনো সিদ্ধান্ত নয় যে বদলানো যাবে না।’
এ সময় নিজের ক্যারিয়ারের একটি কঠিন সময়ের কথাও স্মরণ করেন শান। তিনি জানান, বয়স যখন ৩৩ বা ৩৪ বছর, তখন তিনিও একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। সে সময় প্রায় সব ধরনের গান গাওয়া হয়ে গেছে এবং দুই-তিনটি বড় পুরস্কারও পেয়েছিলেন তিনি।
শান বলেন, পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার ইচ্ছাও ছিল তার। মনে হতো, জীবনে এতদূর যখন এসেছেন, তখন সমাজের জন্য কিছু করা উচিত। কিন্তু কাজের চাপে সময় বের করতে পারতেন না। একই চক্রে ঘুরপাক খাওয়ার অনুভূতি থেকেই একসময় গান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









