‘বিলিওনেরা’ গানের তালে আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে পরিচিত এই শিল্পী। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।
ঢাকায় ওটিলিয়ার ফেরার খবরে এরই মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মধ্যে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন এই রোমানিয়ান তারকা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উন্মাদনা।
আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ওটিলিয়ার পরিচিতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার জনপ্রিয় গান ‘বিলিওনেরা’। গানটি প্রকাশের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে গানটির সাফল্য ওটিলিয়াকে আন্তর্জাতিক পপ সংগীতের পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।
বাংলাদেশেও ‘বিলিওনেরা’ গানটির জনপ্রিয়তা রয়েছে দীর্ঘদিনের। ফলে দীর্ঘ বিরতির পর ওটিলিয়ার ঢাকায় ফিরে আসার খবরে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এবারের আয়োজনে প্রিয় শিল্পীর জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগের সুযোগের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ইমেকার্স বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির আয়োজনে এর আগে অনুষ্ঠিত হয়েছে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কাক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপাল-এর মতো আলোচিত আয়োজন।
সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য ওটিলিয়াকে নিয়ে আয়োজন করা হচ্ছে এই বিশেষ কনসার্ট। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’র ব্যাপক পরিচিতিকে কেন্দ্র করে অনুষ্ঠানটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক মিউজিক ইভেন্ট হয়ে উঠবে।
ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাইম আশরাফ বলেন, “আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দিতে চাই। অতীতে আমরা যেভাবে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি, এবারও সবার সহযোগিতায় দারুণ একটি ইভেন্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। এসব তথ্য প্রকাশের পর আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে ওটিলিয়ার প্রত্যাবর্তন ঘিরে তাই এখন থেকেই তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। ‘বিলিওনেরা’র জনপ্রিয়তার পাশাপাশি তার লাইভ পারফরম্যান্স উপভোগ করতে ২৭ নভেম্বরের অপেক্ষায় রয়েছেন দেশের সংগীতপ্রেমীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









