পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানন বালা বিশ্বাস (৪০), নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কানন বালা বিশ্বাস মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্বামী ও এক ছেলেকে নিয়ে কানন বালা বিশ্বাস বাড়ির পাশে জনৈক কিশোর কুমার দাসের গভীর নলকুপের বৈদ্যুতিক সংযোগ লাইনের কাছে নিজেদের রোপা আমনখেতে নিড়ানি দিতে যান। দুপুরে কাজ শেষে স্বামী ও ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি ঘাস কাটার জন্য ঘটনাস্থলেই থেকে যান। পরে তিনি ঘাস কাটতে গেলে সেখানে আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মাস খানেক আগে গভীর নলকুপের বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরি হয়। তখন লিখিত ভাবে সংযোগ বন্ধের আবেদন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন বন্ধ না করায় গৃহবধু কাননবালার মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারসহ স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









