গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মিজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর রাতে টঙ্গীর বাটা গেট সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার এসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে ‘বিশেষ অভিযান-৮১’ পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মিজানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তার মিজান টঙ্গীর হাজী মাজার এলাকার আতাব উদ্দিন ওরফে জানু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা এবং একটি অন্যান্য মামলা—মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে এক কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।”
ওসি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









