সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই কৌতূহল তৈরি করেছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশ করা ওই ছবিতে তার কোলে দেখা গেছে এক ফুটফুটে নবজাতক। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
ছবিটি পোস্ট করে পরীমণি লেখেন, তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ। এমন ছবি ও ক্যাপশন দেখেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী?
নিজের সন্তানদের পাশাপাশি শিশুদের প্রতি বরাবরই ভালোবাসা রয়েছে পরীমণির। এর আগে বহুবার তিনি বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান। এমনকি কখনো ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তাই নতুন শিশুটিকে ঘিরে ভক্তদের কেউ কেউ ধারণা করছেন, ফের কোনো সন্তান দত্তক নিয়েছেন পরীমণি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই বড় করতে থাকেন পরীমণি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশু দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি সময় কাটান সন্তানদের সঙ্গে। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি প্রকাশ করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে আছেন পরীমণি। তার কোলে রয়েছে একটি নবজাতক। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে অনুরাগী—অনেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চেয়েছেন।
শিশুটির পরিচয় এবং ছবির ক্যাপশনের বিষয়ে জানতে পরীমণির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে প্রসঙ্গটি না তুলতেই কলটি কেটে দেন তিনি। ফলে শিশুটিকে ঘিরে তৈরি হওয়া রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরীমণি নতুন কোনো সন্তান দত্তক নিয়েছেন কি না, সে বিষয়ে অবশ্য এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









