প্রথম সন্তানের মা হলেন পপ তারকা লেডি গাগা। গায়িকা ও উদ্যোক্তা মাইকেল পোলানস্কির ঘরে এসেছে প্রথম সন্তান। আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। তবে এখন পর্যন্ত কন্যা না পুত্র, তার নাম বা ঠিক কবে জন্ম হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি গাগা বা মাইকেল।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে নিয়ে একসঙ্গে দেখা গিয়েছে গাগা ও মাইকেলকে। তিন সদস্যের পরিবার হিসাবে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে মনে করা হচ্ছে।
গত কয়েক মাস ধরেই খানিক আড়ালে ছিলেন গাগা। ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন গ্র্যামি জয়ী এই গায়িকা। ৪০ বছরের গাগা এবং ৪২ বছরের মাইকেল সাম্প্রতিক সময়ে খুব একটা প্রকাশ্যে আসেননি। তবে এই প্রসঙ্গে তাদের থেকে সরাসরি কোনও মন্তব্য শোনা যায়নি।
মাতৃত্ব নিয়ে এর আগে প্রকাশ্যে কথা বলেছেন গাগা। ২০২৫ সালের মার্চ মাসে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার শুরু করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
মাতৃত্বকেই জীবনের অন্যতম বড় লক্ষ্য বলে উল্লেখ করেছিলেন গায়িকা। পরে ওই বছরেই অপর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন, সন্তান মানুষ করাই হতে চলেছে তার জীবনের পরবর্তী দায়িত্ব।
২০১৯ সালে গাগা ও মাইকেলের সম্পর্কের জল্পনা শুরু হয়। ২০২৪ সালের মার্চ মাসে তাদের বাগদান হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









