নানা পাটেকারের রাগের কথা বলিউডে কারও অজানা নয়। ছবির পর্দার পাশাপাশি তিনি বাস্তবেও বেশ মেজাজি বলেই শোনা যায়। কিন্তু শুধু রাগ নয়, অন্য একটি দিকও রয়েছে নানার। সেই দিকটি তুলে ধরলেন চিত্রনাট্যকার রণবীর পুষ্প। পার্থ ঘোষের ১৯৯৬ সালের ছবি ‘অগ্নিসাক্ষী’-তে নানা পাটেকারের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
নানা পাটেকারকে নিয়ে মানুষের তৈরি অনেক ধারণাই ভুল, দাবি রণবীরের। অভিনেতা প্রযোজকদের আর্থিক ক্ষতি করেন, এমন অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। বিশেষ একটি ঘটনাও তুলে ধরেছেন এর পাশাপাশি।
রণবীর জানান, একবার কৃষক আত্মহত্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের দুর্দশার কথা জানতে পারেন নানা। সেই সময়ে দেড় কোটি টাকা দিয়ে একটি গাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু কৃষকদের পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসেন। দেড় কোটি টাকা ওই পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন নানা। প্রতিটি পরিবারকে ১৫ লক্ষ করে দিয়েছিলেন বলে জানান রণবীর। বন্ধুর মারফত সেই টাকা পৌঁছে দেন নানা।
তিনি জানান, যে মানুষ কৃষকদের চোখের পানি মুছতে সাহায্য করেন, তিনি কারও ক্ষতি করতে পারেন না। কৃষকদের সাহায্যের জন্য নানা ‘নাম’ নামে একটি সংস্থাও তৈরি করেছেন। এখনও পর্যন্ত সেই সংস্থার মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









