মাত্র ১৩ বছর বয়সি অপ্রতিম। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী ছবি তুলতে ভীষণ ভালোবাসত। প্রকৃতি ও আশপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করতে প্রায়ই মুঠোফোন হাতে বেরিয়ে পড়ত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও একই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।
অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে লিখেছেন, অপ্রতিমের ছবি দীর্ঘক্ষণ দেখতেও পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখই বারবার ভেসে ওঠে বলে উল্লেখ করেন তিনি।
সিয়াম লেখেন, ‘একটা সন্তান বিকেলে ছবি তুলতে বের হয়েছিল, কিন্তু আর বাসায় ফিরল না। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর অপেক্ষা আর কী হতে পারে?’
তিনি আরও বলেন, অপ্রতিমের পরিবারের এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ সমাজ গড়ে তোলার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন।
এ ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন অভিনেত্রী পূজা চেরী। তিনি লেখেন, ‘একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি প্রার্থনা করেন, সৃষ্টিকর্তা যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
শাহনাজ খুশির আবেগঘন পোস্ট
অভিনেত্রী শাহনাজ খুশি অপ্রতিমের মায়ের আহাজারির কথা তুলে ধরে লেখেন, ‘আমি বাঁচবো কেমনে? আমার জীবন যাবে কেমনে…?’ তার ভাষ্য, এই আর্তনাদ বহু মা-বাবার নির্ঘুম রাতের কারণ হয়ে থাকবে।
অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভও প্রকাশ করেন। তিনি দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে লেখেন, প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও বিচার না হলে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তার পোস্টে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









