বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে তার পরিবার।
বিবৃতিতে বলা হয়, ‘‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ (মঙ্গলবার) বিকেলে প্রয়াত হয়েছেন।’’
পরিবারের পক্ষ থেকে এই দুঃসময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘‘আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এই অপরিসীম শোকের সময় আপনাদের কাছে যথাযথ গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।’’
রানী বরাবরই তার মায়ের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা বলেছেন। ‘‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’’ ছবিতে তার অভিনয়ের ক্ষেত্রেও কৃষ্ণা মুখার্জি ছিলেন বড় অনুপ্রেরণার উৎস, যেখানে রানী সন্তানদের ফিরে পাওয়ার লড়াইরত এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২৩ সালে ছবিটির প্রচার অনুষ্ঠানে রানী মুখার্জি জানিয়েছিলেন, তিনি বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়াশোনা করলেও, তার চরিত্রায়নের বেশিরভাগ অংশই ছিল মায়ের থেকে অনুপ্রাণিত।
এই অভিনেত্রী বলেছিলেন, ‘‘অভিনেত্রী হিসেবে চরিত্রটির প্রতি নিজস্ব ব্যাখ্যা তুলে ধরতে চেয়েছিলাম। আমি চাইনি চরিত্রটির সঙ্গে অতিরিক্ত বাড়তি বোঝা যুক্ত হোক, বা মানুষ আমার চরিত্র আর বাস্তব ব্যক্তির মধ্যে মিল খুঁজে বের করুক।’’
তিনি আরো বলেছিলেন, ‘‘আশিমার কাছে সাগরিকার অনেক রেকর্ড করা টেপ ছিল, আমি রেফারেন্সের জন্য সেগুলো দেখেছিলাম, কিন্তু চরিত্রের বাকি অংশটা মূলত আমার মায়ের ভিত্তিতেই গড়ে উঠেছে। তিনিই সবচেয়ে বাঙালি মানুষ যাকে আমি চিনি... হাত দিয়ে খাওয়ানো, কপালে টিকা পরিয়ে দেওয়া... আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।’’
কৃষ্ণা মুখার্জি একসময় একজন প্লেব্যাক সিঙ্গার ছিলেন এবং তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জির স্ত্রী, যিনি ফিল্মালয়া স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। রাম মুখার্জি ২০১৭ সালে মৃত্যুবরন করেন।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









