১৯৮৬ সালে নির্মিত ‘দ্য মস্কুইটো কোস্ট’ চলচ্চিত্রের নতুন আঙ্গিকে তৈরি সিরিজ নিয়ে আসছে অ্যাপল টিভি। সিরিজটির প্রধান চরিত্র অ্যালি ফক্সের ভূমিকায় অভিনয় করেছেন লেখক পল থেরুর ভাগ্নে জাস্টিন থেরু।
পিটার ওয়েয়ারের পরিচালনায় ১৯৮৬ সালের ‘দ্য মস্কুইটো কোস্ট’ চলচ্চিত্রে হ্যারিসন ফোর্ডকে তার পরিবারের সঙ্গে মধ্য আমেরিকায় এক প্রতিভাবান কিন্তু উন্মাদ ব্যক্তির চরিত্রে দেখা যায়। মার্কিন ভোগবাদী সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে নিজের বরফ তৈরির যন্ত্রের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলার চেষ্টা করেন তিনি।
অ্যাপল টিভির নতুন ড্রামা সিরিজে মূল গল্পের ভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়েছে। এতে অ্যালি ফক্স মার্কিন সরকারের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং পরিবারকে নিয়ে মেক্সিকোতে আশ্রয় নিয়েছেন।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, ফক্স এখনও একজন আবেশগ্রস্ত ও উদ্ভাবনী ব্যক্তি। পরিবারকে নিয়ে নতুন পরিবেশে তার জীবন ও নানা কর্মকাণ্ডকে ঘিরেই এগিয়েছে সিরিজের গল্প।
সিরিজটির প্রথম দুটি পর্ব ৩০ এপ্রিল বিশ্বব্যাপী প্রচার করা হবে। এরপর প্রতি শুক্রবার নতুন পর্ব প্রকাশ করা হবে।
সূত্র: https://deadline.com/video/apple-tv-trailer-the-mosquito-coast-justin-theroux/


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









