ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর তাকে স্মরণ করেছেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। ৭৫ বছর বয়সে মারা যাওয়া এই অভিনেতার সঙ্গে নিজের সম্পর্ক, গভীর রাতের ফোনালাপ এবং তার অকপট মন্তব্যের কথা তুলে ধরেছেন পরিচালক।
এক আবেগঘন স্মৃতিচারণায় রোহিত জানান, নানা পাটেকর কখনো আনুষ্ঠানিকতা মেনে কথা বলতেন না। ফোন করেই তাকে ‘শেঠি’ বলে ডাকতেন।
রোহিত লিখেছেন, ‘প্রিয় দাদা, গভীর রাতে আপনার ফোনগুলো খুব মনে পড়বে। কোনো সালাম বা আনুষ্ঠানিকতা নয়, সরাসরি বলতেন, “এই শেঠি, কী করছিস?” আমি ইচ্ছা করেই বিরক্ত করার জন্য বলতাম, “কে বলছেন?” তখন আপনি বলতেন, “শালা, নানা বলছি!”’
মুক্তির পর নিজের সিনেমা নিয়ে নানা পাটেকরের অকপট মতামতের কথাও স্মরণ করেছেন রোহিত। পরিচালকের ভাষ্য, নানা ছিলেন তার অন্যতম কঠোর ও সৎ সমালোচক। কোনো সিনেমা ভালো লাগলে তা বলতেন, আবার পছন্দ না হলে সেটিও সরাসরি জানিয়ে দিতেন।
রোহিত লেখেন, ‘আমার সিনেমা মুক্তির পর আপনি ছিলেন সবচেয়ে সৎ সমালোচকদের একজন। কোনো কথা ঘুরিয়ে বলতেন না। কখনো বলতেন, “এটা ভালো বানিয়েছিস।” কখনো বলতেন, “এটা আমার ভালো লাগেনি।” আবার কোনো ছবিকে বলতেন সুপারহিট। আরেকটি ছবি দেখে বলতেন, “তুই হিট বানানোর চেষ্টা করেছিস।”’
রোহিত আরও জানান, নানা তাকে প্রায়ই মনে করিয়ে দিতেন, তিনি নিজেই একজন তারকা। তাই সিনেমায় এত তারকার প্রয়োজন নেই।
২০১৭ সালে মুক্তি পাওয়া রোহিত শেঠির গোলমাল এগেইন ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। সেই কাজের পারিশ্রমিক নিয়ে কথোপকথনের স্মৃতিও তুলে ধরেছেন পরিচালক।
রোহিতের ভাষ্য, তিনি যখন নানার কাছে জানতে চেয়েছিলেন, তার পারিশ্রমিক কত হবে, তখন নানা বলেছিলেন, ‘বোকা, তোর কাছ থেকে টাকা নেব? একটা এতিমখানার নম্বর দিচ্ছি, সেখানে টাকা দান করে দিস।’
নানার এই কথার মধ্যেই তার সরলতা, অকপটতা ও উদারতার পরিচয় পেয়েছেন রোহিত। স্মৃতিচারণার শেষ দিকে তিনি লেখেন, নানা তাকে ‘শেঠি’ বলে ডাকতেন। সেই ডাক আর কখনো শোনা যাবে না—এ কথা ভাবতেই তার মন ভারী হয়ে উঠছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









