জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন মুসল্লিরা। এতে মসজিদের উত্তর গেট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাদের অভিযোগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের চেষ্টা চলছে। এ সময় জামায়াতে ইসলামী ও দলটির প্রতিষ্ঠাতাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন তারা।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ হয়।
এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিবকে অপসারণ করতে চায়। এর প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, এই মসজিদের খতিব মিম্বারে থাকবেন এবং নামাজ পড়াবেন। তিনি সব মুসলমানের নয়নের মণি। ইসলাম কারও কোনো দলের পক্ষে নয়। ইসলাম আল্লাহর, ইসলাম তৌহিদীদের, ইসলাম আমাদের মুসলমানদের। বিভিন্ন লোকজন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নানা ধরনের মন্তব্য করছে। সাধারণ মুসলমান হিসেবে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এখানে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে কিছু লোক এসেছেন।
সম্প্রতি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামী ও দলটির সঙ্গে কওমি আলেমদের একাংশের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগকে ‘গোমরাহি’ বা পথভ্রষ্টতার সঙ্গে তুলনা করেন। একই বক্তব্যে জামায়াতের লোগোতে থাকা ‘আকিমুদ-দ্বীন’ শব্দের ব্যবহার নিয়েও আপত্তি জানান তিনি। খতিবের বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও জামায়াতবিরোধী স্লোগানের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









