কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অটোরিকশাচালক সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি লালমাই উপজেলার জগতপুর এলাকার তাজুল ইসলামের মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। সিএনজিচালিত অটোরিকশাটি বাগমারা এলাকার মনির হোসেনের মালিকানাধীন। সুমন অটোরিকশাটি ভাড়া চালাতেন।
দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে। সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওনা দিয়েছে। কুমিল্লায় পৌঁছলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









