লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকায় পারিবারিক জমি নিয়ে বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। এ ঘটনায় ছড়ানো অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ অক্টোবর বিডিআর হাট এলাকায় সংবাদ সম্মেলন করে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। বিরোধটি মূলত দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে, এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
মমিনুল হক দাবি করেন, বিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসে। বিএনপিতে যোগ দিতে তারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জমি নিয়ে বিরোধের মামলায় আসামি করা ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এ বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে বলে অভিযোগ জেলা বিএনপির।
মমিনুল হক বলেন, বিএনপি বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর ও লুটপাট সমর্থন করে না। মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের তদন্তসাপেক্ষে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি দলটির ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









