দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিজনেই গল্পের সমাপ্তি ঘটবে। তবে দর্শকের সাড়া পেলে ভবিষ্যতে সিরিজটির আরও সিজন তৈরির পরিকল্পনাও রয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, ২০২৬ সালেই মুক্তি পাবে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নতুন সিজন মুক্তি পেতেও খুব বেশি দেরি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
সেই ভয়াবহতার সত্য সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে নিখোঁজ হন রেভারেন্ড ফটোগ্রাফার সুনীল। দুই যুগ পর বাবার তোলা কিছু ছবির সন্ধান করতে গিয়ে ড্যানিয়েল জানতে পারে, সুনীলের মৃত্যু নিয়ে প্রচলিত গল্পের আড়ালে রয়েছে অন্য রহস্য। বাবার প্রকৃত পরিণতি খুঁজতে ড্যানিয়েলের অনুসন্ধান ঘিরেই এগিয়েছে সিরিজটির কাহিনি।
২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। সে সময় জানানো হয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে এবং প্রথম সিজন মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন প্রকাশের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় সিজন মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষার পর এবার মিলল নতুন সিজন প্রকাশের খবর।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









