বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হতে চলেছে। প্রথমে চলতি বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়ে ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সিনেমাটির ট্রেলারও প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। একই সঙ্গে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ে ট্রেলার প্রকাশের কথা ছিল।
তবে ট্রেলার প্রকাশের অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসে। পরবর্তী সময়ে ট্রেলারটি গণমাধ্যমকর্মীদের দেখানো হলেও ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশ পিছিয়ে দেওয়া হয়। ৬ নভেম্বরের অনুষ্ঠানে সালমান খান নিজেই জানান, সিনেমাটির ভিএফএক্সের কাজ শেষ করতে আরও কিছুটা সময় প্রয়োজন।
সর্বশেষ ঘোষণায় সিনেমাটির মুক্তির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী ২০ নভেম্বর আর মুক্তি পাচ্ছে না সিনেমাটি।
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটির গল্প ২০২০ সালের জুনে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত। এতে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। গালওয়ান সংঘর্ষে তার ভূমিকার জন্য মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হয় তাকে।
সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জেইন শ, অভিলাষ চৌধুরীসহ আরও অনেকে।
উল্লেখ্য, সিনেমাটি প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। শুটিং, পুনরায় দৃশ্যধারণ এবং ছাড়পত্রসংক্রান্ত বিভিন্ন জটিলতায় সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে। অবশেষে ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির নতুন তারিখ নির্ধারণ করায় সালমানভক্তদের অপেক্ষা আরও বেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









