দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধনুশের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যে তাকে অভিনয় চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার পর সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামির ‘ওএম—চ্যাপ্টার ১: উদিরাম—দ্য ব্লাড উড’ সিনেমার প্রাক্মুক্তি অনুষ্ঠানে এ কথা বলেন সাই পল্লবী। চেন্নাইয়ের একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে ধনুশ, সাই পল্লবী, মালয়ালম অভিনেতা মাম্মুটিসহ সিনেমাটির পুরো টিম উপস্থিত ছিল।
অনুষ্ঠানে ধনুশের ভক্তদের হাতে অসংখ্য পতাকা দেখে সাই পল্লবী মজা করে বলেন, তাদের দেখে অনুষ্ঠানটিকে রাজনৈতিক সমাবেশের মতো মনে হচ্ছে। এরপর ধনুশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনি যা-ই করুন না কেন, আমি আপনাকে সমর্থন করব। সম্প্রতি বিজয় স্যার রাজনীতিতে যোগ দিয়েছেন এবং অভিনয় ছেড়ে দিয়েছেন। আমি আশা ও প্রার্থনা করি, ধনুশ স্যার যেন সব সময় অভিনেতা হিসেবেই আমাদের মাঝে থাকেন।’’
সাই পল্লবীর এ বক্তব্যে উপস্থিত দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলা নানা গুঞ্জনেরও জবাব দিয়েছেন ধনুশ। তাকে কেউ পরিচালনা করছেন কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি বা শক্তি তার পাশে রয়েছে—এমন আলোচনার বিষয়ে তিনি বলেন, তাকে পরিচালনা করার একমাত্র শক্তি ঈশ্বর। তার ভক্তরাই তার পেছনে রয়েছেন এবং সাধারণ মানুষ তার পাশে আছেন।
তবে নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি এই অভিনেতা। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ধনুশের প্রযোজিত ‘ওএম’ সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া ভেত্রিমারনের সঙ্গে ‘থামিঝ মুরুগান’ এবং পরিচালক তামিলারাসন পাচামুথুর সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া ‘ডি৫৬’ সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।
অন্যদিকে সাই পল্লবীকে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে রণবীর কাপুর ও যশও অভিনয় করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









