নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে দোয়া পাঠ করা হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের সকালের ও দুপুরের খাবার সরবরাহ, পরিবেশন ও বিতরণের ব্যবস্থা করা হয়। রোগীদের পুষ্টি ও সেবার মান বিবেচনায় রেখে খাবার পরিবেশনের এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম বলেন, ‘‘রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি তাদের যথাযথ যত্ন ও মানসম্মত খাবার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা চাই, হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগী যেন আন্তরিকতা ও যথাযথ সেবা পান।’’
তিনি আরও বলেন, ‘‘জাতীয় দিবসগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও ঐক্যের চেতনা আরও জোরদার হবে।’’
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









