জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামগঞ্জ পৌর শাখার সদস্যসচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে দল ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো বিষয় রয়েছে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সোমবার (৯ নভেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান জহিরুল ইসলাম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপি (রামগঞ্জ পৌর শাখা)-এর সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’’
তবে পদত্যাগের ঘোষণায় ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও এর বাইরে অন্য কোনো কারণ বা দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মূলত বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সন্তান। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে বিএনপির স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের আন্দোলনের পর জহিরুল ইসলাম এনসিপিতে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২১ জানুয়ারি তাকে রামগঞ্জ পৌর এনসিপির সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘‘ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ থাকে, যা আপনাকে পরে বলব।’’ তার এ বক্তব্যে পদত্যাগের পেছনে আরও কিছু কারণ থাকার ইঙ্গিত মিললেও সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, ‘‘কী কারণে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন, তা আমার জানা নেই। তবে জাতীয় নির্বাচনের পর আমাদের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ হয়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









