যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার প্রশাসনের ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার অভিযান ভোটারদের কাছে অতিরিক্ত কঠোর মনে হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রচারিত সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসন নীতির কারণে তার দল নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন। বহিষ্কার অভিযান অতিরিক্ত কঠোর ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, এটি কিছুটা বেশি কঠোর হয়ে গেছে।’’
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সীমান্ত বন্ধ করা এবং অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে তার প্রশাসন প্রশংসা পেয়েছে। তবে যেসব অভিবাসীর ভালো চাকরি রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদেরও বহিষ্কার করায় অনেক ভোটার অসন্তুষ্ট হয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করাই অনেকের একমাত্র আইন লঙ্ঘন। তাদের কেউ কেউ বাগান পরিচর্যা প্রতিষ্ঠান, হোটেলসহ বিভিন্ন খাতে কাজ করছেন এবং কেউ কেউ করও দিচ্ছেন। এ ধরনের ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন—এমন মানুষের সংখ্যাও কম নয়।
ট্রাম্প জানান, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তার ভাষায়, এ বিষয়ে একটি কার্যকর চুক্তি করা সম্ভব।
তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত কোনো পরিকল্পনা তুলে ধরেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যারা খুনি ও মাদক ব্যবসায়ী, তাদের অবশ্যই বহিষ্কার করা উচিত। অন্যদিকে, যারা ভালোভাবে কাজ করছেন এবং সমাজে অবদান রাখছেন, তাদের বিষয়ে ভিন্নভাবে চিন্তা করা যেতে পারে।
এদিকে, সাক্ষাৎকারটি ধারণের পরপরই ট্রাম্প তার অভিবাসন নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তার মতে, অভিবাসন নীতিতে পরিবর্তনের কথা বললেও এ নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারীকেই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব অভিযানের প্রতিবাদে বিক্ষোভের সময় ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন। এ ঘটনাগুলোও প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে বিতর্ক বাড়িয়েছে।
নতুন কংগ্রেসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ডেমোক্র্যাটরা।
২০২৮ সালের নির্বাচন নিয়ে নিরপেক্ষ থাকার ইঙ্গিত
সাক্ষাৎকারে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী বাছাইয়েও সরাসরি কাউকে সমর্থন না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, কাউকে সমর্থন করতে পারেন, আবার নাও করতে পারেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন তিনি। রুবিও সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একজন অসাধারণ ব্যক্তি। তবে দলের আরও অনেক যোগ্য নেতা রয়েছেন।
নিজের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রাম্প
সাক্ষাৎকারে দায়িত্ব গ্রহণের পর নিজের সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার বেড়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, নিজের সম্পদের হিসাব নিয়ে খুব বেশি সময় ব্যয় করেন না। তার ছেলেরাই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।
বিদেশি বিনিয়োগকারীরা তার পরিবারের ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি তিনি।
এ ছাড়া রাজনৈতিক বিরোধীদের ক্ষমা করতে পারবেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, মুখে এ কথা বলা সহজ হলেও বাস্তবে তিনি তার কিছু শত্রুকে ঘৃণা করেন এবং ভবিষ্যতেও করবেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর এটিই ছিল ট্রাম্পের প্রথম বড় ধরনের টেলিভিশন সাক্ষাৎকার। এতে অভিবাসন নীতি, রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









