হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া ইরানের দুই দিনের প্রস্তাবকে সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত পথ হিসেবে উল্লেখ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড বন্ধ না করলে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ফিরে আসবে না।
সোমবার (৯ নভেম্বর) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাঘাই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইরানের প্রস্তাব অনুযায়ী মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা সম্ভব।
বাঘাই বলেন, ইরানের দুই দিনের প্রস্তাবে ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের সম্মত হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আগে এসব বিষয়ে সম্মত হলেও পরবর্তী সময়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন না করলে এর দায় ইরানের ওপর চাপানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই দিনের প্রস্তাব তেহরানের সদিচ্ছার বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিলে নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব। ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি দেশটি গ্রহণ করবে না।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রসঙ্গে বাঘাই বলেন, এই নৌপথ দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে অনিরাপদ পথে চলাচলের চেষ্টা করা জাহাজগুলো বিভিন্ন দুর্ঘটনার মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের কারণেই বর্তমানে সেখানে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বাঘাই জানান, ইরান প্রথমে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পরে সদিচ্ছার নিদর্শন হিসেবে সময় কমিয়ে ৪৮ ঘণ্টা করা হয়। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে উভয় প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাত নিরসনে কাতার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও রোববার রাতে জানিয়েছেন, দুই দিনের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে। তাঁর মতে, হোয়াইট হাউসকে এখন সিদ্ধান্ত নিতে হবে—ইরানের শর্ত মেনে শান্তির পথে এগোবে, নাকি যুদ্ধ অব্যাহত রাখবে।
আরাগচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের পথ বেছে নিলে ইরানের সশস্ত্র বাহিনী জবাব দিতে প্রস্তুত রয়েছে।
ইরানের এই প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও যুদ্ধ বন্ধের শর্তগুলো নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









