দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের মা হয়েছেন সামান্থা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা ও রাজ। একই সঙ্গে ছেলের নামও প্রকাশ করেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছবি প্রকাশ করে তারা লেখেন, ‘‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে দেব নিদিমোরু। ১৯.১১.২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’’
ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত ধরে রেখেছেন তার মা-বাবা। ছবিটি প্রকাশের পরপরই ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর। অভিনেতা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও কৃতি খারবান্দাসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের জুনে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। তার তেলেগু সিনেমা ‘মা ইন্তি বঙ্গারাম’র সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথমবারের মতো মা হতে যাওয়ার কথা প্রকাশ করেন তিনি। তখন মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
২০২৫ সালের ১ ডিসেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা যোগ সেন্টারের লিঙ্গা ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে তাদের পরিচয় ও একসঙ্গে কাজের সূত্রপাত। পরে ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘মা ইন্তি বঙ্গারাম’ প্রকল্পেও একসঙ্গে কাজ করেছেন তারা।
প্রথম সন্তানকে ঘিরে নতুন জীবনের সূচনা হলো এই তারকা দম্পতির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








