ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনি নির্দেশ দিলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই প্রতিশোধমূলক সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এসব কথা বলেন।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে সর্বোচ্চ নেতার নির্দেশ পাওয়া গেলে বিশ্বের যেকোনো অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব। এমনকি ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
মোহেবি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। তবে এর অর্থ এই নয় যে ইরানের সক্ষমতা ওই সীমার মধ্যেই আবদ্ধ। তিনি দাবি করেন, এর আগে ৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে তেহরান, যা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতার ইঙ্গিত দেয়।
এদিকে, সিএনএনের পক্ষ থেকে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়ে করা দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন আইআরজিসির এই মুখপাত্র। তার ভাষায়, এসব অভিযোগ ইরানের শত্রু এবং ইসরায়েলের তৈরি করা অপপ্রচার। ইরান কোনো পদক্ষেপ নিলে তা প্রকাশ্যেই ঘোষণা করবে।
যুক্তরাষ্ট্র ইরানের বাঁধগুলোতে হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন মোহেবি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাঁধে হামলা চালায়, তাহলে একই ধরনের জবাবের মুখোমুখি হতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের যেকোনো দেশে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে, তাহলে সংশ্লিষ্ট দেশও ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ বিষয়ে তেহরানের কোনো দ্বিধা নেই।
ইরানের এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করায় মধ্যপ্রাচ্যের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








