দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার তাওহিদ হৃদয়। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি এই ধারার আওতাভুক্ত। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম এমন অপরাধ।
ঘটনার সূত্রপাত আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন হৃদয়। তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন তিনি।
এ ঘটনায় এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হৃদয়ের শাস্তি নির্ধারণ করেন। অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। অন্যদিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
এদিকে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








