বড় বাজেটের এই অ্যাকশন ঘরানার দক্ষিণ ভারতীয় কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমায় অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি পারফর্ম করা ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। বিতর্কের মুখে গানটি সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নোরা।
বুধবার (১৮ মার্চ) নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেন, “আমি গানটির বিতর্ক নিয়ে কথা বলতে এখানে এসেছি। প্রথমত, আমি আমার খুব কাছের এক বন্ধুকে হারানোর শোকে আছি। চারপাশে কী হচ্ছে আমি তা দেখার সুযোগ পাইনি। নেটওয়ার্ক জটিলতার কারণে সম্প্রতি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।”
তিনি এ বিতর্কিত গানে পারফর্ম করার কারণ ব্যাখ্যা করে বলেন, “তিন বছর আগে কন্নড় ভাষার এই গানের শুটিং করেছি। আমি যখন এতে সম্মতি দিয়েছিলাম, তখন এটি বড় একটি চলচ্চিত্রের অংশ ছিল। একজন বড় আইকন, সঞ্জয় দত্তের সঙ্গে ছিল। তার সঙ্গে কাজ করার সুযোগ কে না নেবে? আমি ভেবেছিলাম এটি একটি বিখ্যাত গানের রিমেক।”
নোরা ফাতেহি বলেন, “কেউ মনে করুক, আমি এটাকে সমর্থন করি, তা চাই না। আপনাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এই চাপের কারণেই নির্মাতারা এটি সরিয়ে নিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ করব গানটি আর শেয়ার না করতে। কারণ এতে করে প্রচার আরও বৃদ্ধি পাবে।”
তার ভাষায়—“এই হিন্দি গান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এতে পারফর্ম করিনি। এতে আমার ছবি ব্যবহার করার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।”
‘কেডি: দ্য ডেভিল’ শিরোনামের কন্নড় ভাষার এই সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা। তাছাড়াও অভিনয় করেছেন—শিল্পা শেঠি, রমেশ অরবিন্দ, যীশু সেনগুপ্ত প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









