ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন সিনেমা। এর মধ্যে দর্শকপ্রিয়তা ও আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। মুক্তির মাত্র তিন দিনেই দেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকার গ্রস কালেকশন করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
মাল্টিপ্লেক্সে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৩০ লাখ ৩৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় প্রায় ৩৪ লাখ ৭ হাজার টাকা এবং তৃতীয় দিনে আয় হয় প্রায় ৩৬ লাখ ৫২ হাজার টাকা। তিন দিনের হিসাবেই কোটির ঘর স্পর্শ করে ছবিটি, যা ২০২৬ সালে মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এবার ঈদে আয়ের দিক থেকে ‘দম’ এর পরেই রয়েছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। তালিকার পরের স্থানে আছে ‘রাক্ষস’। এছাড়া মুক্তিপ্রাপ্ত অন্য দুটি সিনেমা হলো ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, এবং ‘প্রেশার কুকার’, যার কেন্দ্রীয় চরিত্রে আছেন শবনম বুবলী।
দর্শক প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, এবারের ঈদে ভায়োলেন্সনির্ভর অ্যাকশন সিনেমার চেয়ে পারিবারিক ও কাহিনী নির্ভর গল্পের ছবির প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শকরা। জীবনঘনিষ্ঠ গল্পের কারণে ‘দম’ সিনেমার বেশিরভাগ শো-ই চলছে হাউসফুল। বিশেষ করে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস এ প্রদর্শিত প্রায় ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউসফুল।
সব মিলিয়ে দর্শকদের ব্যাপক সাড়া এবং মাল্টিপ্লেক্সে কোটির রেকর্ড দুই দিক থেকেই এবারের ঈদের সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘দম’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









