সমসাময়িক পপসংগীতের দুনিয়ায় দ্রুত উত্থান ঘটানো নামগুলোর মধ্যে অন্যতম সাবরিনা কার্পেন্টার। অভিনেত্রী ও গায়িকা, দুই পরিচয়েই সমান সফল এই তারকা বর্তমানে বিশ্বজুড়ে আলোচনায়, বিশেষ করে তার জনপ্রিয় গান “প্লিজ প্লিজ প্লিজ,” “এস্প্রেসো,” এবং “ম্যানচাইল্ড”-এর জন্য।
শুরুর গল্প
১৯৯৯ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কোয়াকারটাউনে জন্ম নেওয়া সাবরিনার শৈশব থেকেই শিল্প, সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল। পরিবারেও ছিল সৃজনশীলতার ছোঁয়া, যা ছিলেন নৃত্যশিল্পী এবং বাবা সংগীতচর্চার সঙ্গে যুক্ত। খুব অল্প বয়সেই নাচ ও গানের প্রতি আগ্রহ গড়ে ওঠে তার। ছয় বছর বয়সে গান শেখা শুরু, আর ১০ বছর বয়সে ইউটিউবে গান আপলোড করে নিজের প্রতিভার জানান দেন।
অভিনয়ে ব্রেকথ্রু
অভিনয়ে সাবরিনার যাত্রা শুরু হয় ২০১১ সালে ল অ্যান্ড অর্ডার : স্পেশাল ভিক্টিমের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে। তবে তার বড় ব্রেক আসে ২০১৪ সালে গার্ল মিটস ওয়ার্ল্ড সিরিজে মায়া হার্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তিন মৌসুম ধরে প্রচারিত এই সিরিজ তাকে তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
পরবর্তীতে তিনি 'দ্য হেট ইউ গিভ,' টল গার্ল, 'ওয়ার্ক ইট' সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরো শক্ত করেন।
সংগীতে উত্থান
অভিনয়ের পাশাপাশি সংগীতেই নিজের প্রকৃত পরিচয় খুঁজে পান সাবরিনা। ২০২১ সালে আইলেন্ড রেকর্ডেসের সঙ্গে চুক্তি করার পর তার ক্যারিয়ারে নতুন গতি আসে। “ননসেন্স” ও “ফেদার” গানগুলো তাকে পপসংগীতের মূলধারায় প্রতিষ্ঠিত করে।
২০২৫ সালে মুক্তি পাওয়া তার সপ্তম স্টুডিও অ্যালবাম ''ম্যান্স বেস্ট ফ্রেন্ড'' তাকে গ্র্যামি মনোনয়ন এনে দেয়, যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক।
মঞ্চ ও সাম্প্রতিক কাজ
২০২০ সালে ব্রডওয়ের মিন গার্লস মিউজিকাল-এ অভিনয়ের মাধ্যমে মঞ্চেও নিজের উপস্থিতি জানান দেন তিনি। যদিও কোভিড-১৯ মহামারির কারণে সেই যাত্রা সংক্ষিপ্ত হয়।
২০২৬ সালে তিনি নতুনভাবে আলোচনায় আসেন দ্য মাপেট শো'র বিশেষ পর্বে অভিনয় ও প্রযোজনার দায়িত্ব নিয়ে, যেখানে তার সঙ্গে ছিলেন সেথ রোজেন ও মায়া রুডলফ।
অনুপ্রেরণা ও ব্যক্তিত্ব
শৈশবে ক্রিশটিয়ানা এগুলেরার গান থেকে গভীরভাবে অনুপ্রাণিত হন সাবরিনা। তার ভাষায়, “সংগীতই ছিল আমার প্রথম ভালোবাসা।” আত্মবিশ্বাস, পরিশ্রম এবং নিজের স্বপ্নে অটল থাকার মানসিকতা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
ডিজনি চ্যানেলের কিশোরী অভিনেত্রী থেকে আন্তর্জাতিক পপ আইকনে পরিণত হওয়া সাবরিনা কার্পেন্টারের যাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। অভিনয় ও সংগীত, দুই ক্ষেত্রেই তার এই সাফল্য প্রমাণ করে, প্রতিভা আর অধ্যবসায় থাকলে বিশ্বমঞ্চ জয় করা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









