আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ক্রীড়া সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তুলতেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশসহ ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলোতে নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।
১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনের প্রচলন শুরু হয়।
ক্রীড়া সাংবাদিকতা হলো এমন একটি বিশেষায়িত সাংবাদিকতা, যেখানে খেলাধুলা-সংক্রান্ত সংবাদ, প্রতিযোগিতা, বিশ্লেষণ এবং বিভিন্ন ইভেন্ট তুলে ধরা হয়। বর্তমানে সংবাদপত্র, সাময়িকী, টেলিভিশন, রেডিও, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রায় সব ধরনের গণমাধ্যমেই ক্রীড়া সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের অন্যতম লক্ষ্য হলো ক্রীড়া সাংবাদিকদের কঠোর পরিশ্রম ও পেশাগত অবদানকে সম্মান জানানো। একইসঙ্গে তরুণদের এই পেশায় আসতে উৎসাহিত করা এবং দায়িত্বশীল ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা।
দিবসটির আরেকটি তাৎপর্য হলো খেলাধুলাকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তোলা। সেইসঙ্গে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করা। তাদের অবদানকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়াও এ দিবসের অন্যতম উদ্দেশ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









