পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে কৃষকদের উৎসাহিত করতে ইনতেফা কোম্পানির উদ্যোগে পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিবিগ্রাম-বামনগ্রাম বাজার, সাহাপুর বাজার এবং জিরো পয়েন্ট চাটমোহর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের হাতে একটি করে আমগাছ ও একটি করে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির নাটোর এরিয়ার এরিয়া ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং কোম্পানির অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. শাকিল খান।
এ সময় মো. জাহিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইনতেফা কোম্পানি সারা দেশে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কৃষকদের উচিত বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা।
কোম্পানি সূত্রে জানা যায়, দেশব্যাপী পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবে চাটমোহরের বিভিন্ন স্থানে শতাধিক কৃষকের মাঝে আম ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। বিবিগ্রাম গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, একটি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সচ্ছলতায়ও ভূমিকা রাখে। বামনগ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে। সাহাপুরের কৃষক শহিদুল ইসলাম ও জিরো পয়েন্ট এলাকার কৃষক সাইফুল ইসলামও উদ্যোগটির প্রশংসা করেন।
কৃষাণী রহিমা খাতুন বলেন, “ফলজ ও বনজ গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ। এমন উদ্যোগ পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত উপকারী।
স্থানীয় কৃষকদের মতে, ইনতেফা কোম্পানির এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ এলাকায় বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









