সারা দেশের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী ও ১ হাজার ৮৫১টি অস্থায়ীসহ মোট ১ হাজার ৯০৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সার্বিক তদারকিতে মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে ডিএনসিসির পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে এসব শিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মজীবী অভিভাবকদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









