দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩টি শিশু।
শনিবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৮৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৬৯৯ শিশু। এ সময়ে নতুন করে ৬৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮।
এ সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









