দিনাজপুরের চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি-বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে এবং আব্দুলপুর বানিযুগী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. তছলিম উদ্দিন (১২) বাড়ির পাশের সুখীপীর বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিল। পথে ব্যাঙের কাঁদো এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে বিন্যাকুড়ি বাজারগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের হর্ন শুনে সে রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় সড়কের ডান পাশে বাঁশ থাকায় চালক ট্রাকটি বাম দিকে সরিয়ে নিলে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, “দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









