জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম বলেছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিলকিস ইসলাম বলেন, “একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা মোকাবিলা করতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”
তিনি আরো বলেন, “তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক জোরদার করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে সৈয়দপুর ও কিশোরগঞ্জে দলকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। নিজেদের ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল ইসলাম (হাফিজ)। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার শাহিন, সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক ও আব্দুস সাত্তার পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, মো. আব্দুল হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক, মো. এম এ পারভেজ লিটন ও মো. মনোয়ার হোসেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে মতামত তুলে ধরেন। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতা তারিকুল হক, দেলোয়ার হোসেনসহ সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









