‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম।
শনিবার (১৮ জুলাই ২০২৬) স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া এলাকায় (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১২৯, পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রুহুল আমীন দুলাল।
বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মঠবাড়িয়া সাংসদ মোঃ রুহুল আমীন দুলাল, কৃষি কর্মকর্তা কামরুননেসা সুমি, পৌর বিএনপির সাবেক আহবায়ক কে এম হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনার এই উদ্যোগ একটি মাইলফলক। স্মার্ট কার্ড পাওয়ার পর কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধাসহ কৃষি সংক্রান্ত সব সেবা অত্যন্ত দ্রুত ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









